09 November, 2014

জীবনের গান



শোন যদি মন দিয়ে ভোরের আজান
পাবে তুমি পাবে জেনো মানুষেরই গান,
যদি শোন মন দিয়ে ভৈরবী তান
জেনো তাতে আছে মিশে সব হারা গান।

গেয়ে যাও তুমি যবে বেহাগেরই সুর
পাবে তুমি খুঁজে দুখ কৃষক বধূর,
তুলে নাও গলে তুমি দীপকেরই তান
দেখো তুমি পাও কিনা মজুরের প্রাণ।

আশাবরী রাগে তুমি সুর যে ছড়াও
ওদেরই প্রাণে তুমি ফুল যে ফোটাও,
প্রাণে যবে ওঠে বেজে ইমনের তান
জেনো তাতে আছে মিশে জীবনেরই গান ।

08 November, 2014

খেলা





নীল আকাশের বুকে মেঘের খেলা
সাদা কাগজে কলমের খেলা
ক্যানভাস রাঙ্গিয়ে রঙ্গের খেলা
সবুজ মাঠের বুকে দেখা যায়
ফুটবল, হকি, ক্রিকেট
আরও কত খেলা।

কত শত খেলা আছে
কত শত খেলা গেছে হারিয়ে
সময়ের মাঝে
ছোটবেলার খেলা বড় হয়ে
ভালো লাগে না আর।

তখন আসে বড়বেলার খেলা
শয়তানি খেলা – লোক ঠকানোর খেলা
কিংবা সব চেয়ে চেনা সেই
শরীরী খেলা।

জয়ী হয় কেউ
যায় কেউ হেরে -
মুখের হাসি কিংবা চোখের জল
অনন্তে যায় হারিয়ে।

আছে আরও বড় এক খেলা
মরণের সাথে জীবনের -
ভালোবাসার – শপথের – সত্যের
সব খেলা হার মেনে যায়,
বয়ে চলে সময়ের বেলা।

01 November, 2014

চাই



মুক্তি চাই – আমি মুক্তি চাই
তীব্র অন্ধকার ঘিরেছে চারিদিক
সত্য নিষ্পিষ্ট আজ মিথ্যার আলোয়
সোডিয়াম ভেপার ল্যাম্পের তলায়
জ্বলে থাকা ত্রিফলা আলো।

এক এমন অন্ধকার -
যে অন্ধকার বড় চেনা – বড় জানা
সংস্কৃতির আড়ালে নারী মাংস নিয়ে
কাড়াকাড়ি হায়নাদের।

আকাশে – বাতাসে চিলেদের কোলাহল
নীচে শ্বাপদের তীক্ষ্ণ দাঁত
ভালোবাসার নামে চেটে খায়
চাষির রক্ত – কড়মড় শব্দে চেবায়
শ্রমিকের হাড়।

ওঃ লেনিন তুমি কোথায় ?
চে র পথ ধরে আমি হাঁটতে চাই -
কাকাবাবুর দেখানো পথে চলতে চাই -
পল রবসনের গানে – পিট সীগারের গীটারে
আমি ভোরের রক্ত সূর্য দেখতে পাই
এই অন্ধকার থেকে আমি মুক্তি চাই।

“এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়”

ধর্মের নামে মানুষের বাধানো দাঙ্গায় এবং প্রতিবিপ্লবী আক্রমণে যারা শহীদ হয়েছেন এ লেখা তাদের প্রতি উৎসর্গ করলাম।

তোরা মাকে আনিস ঘরে
মায়ের কোলটা খালি করে
তোরা মায়ের পুজো করিস
তাই মায়ের সিঁদুর মুছিস
তোরা মায়ের পুজো কর।

তোরা আলোর মালা জ্বালাস
তাই মাকে তোরা কাঁদাস
তোদের মুখে শান্তি মন্ত্র
(আর) হাতে মানুষ মারার যন্ত্র
তোরা জ্বালা আলোর মালা।

তোরা উৎসবে আজ মাতাস
(কারণ) ক্রুদ্ধ যে আজ বাতাস
জাগছে মানুষ ঝড়
যারা ভাঙ্গবে তোদের ঘর।
জাগছে মানুষ ঝড়।